আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ তৌফিকুল ইসলাম মিথিল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি লিখিত বক্তব্যে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে চান।
তিনি আরও জানান, শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটানো, তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও পৌর এলাকার আধুনিকায়নে তাঁর বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবো, আর অন্য কাউকে দিলে তার পক্ষেও কাজ করবো।”
এসময় উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপি উপদেষ্টা ডঃ মোহাম্মদ চয়ন, যুব দলের সাবেক সভাপতি এনদাদুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
