ওয়ান নিউজ ডেস্ক:
দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা এ বছর তাকে মরণোত্তরভাবে প্রদান করা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
তিনি জানান, এ বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মোট ১৫ জন ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হবে।
সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি থাকবে।
এ ছাড়া জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়েও সভায় আলোচনা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারপ্রধান প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

