আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা হবে না: আমিরাত

আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা হবে না: আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক:

চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনও আক্রমণে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। জেনেভায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জামাল আল মুশারখ সোমবার সাফ জানিয়েছেন, আমিরাতি ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনও হামলা চালানো হবে না।

জেনেভায় জাতিসংঘ সংবাদদাতা সমিতির (এসিএএনইউ) সঙ্গে আলাপকালে মুশারখ বলেন, আমরা বর্তমান পরিস্থিতির শুরু থেকেই অত্যন্ত স্পষ্ট ছিলাম যে, সংযুক্ত আরব আমিরাত তার ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না এবং এ ধরনের সংঘাতের সঙ্গে আমরা জড়িত হব না। আমাদের ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য ব্যবহৃত হচ্ছে না।

রাষ্ট্রদূত মুশারখ অভিযোগ করেন, যুদ্ধে পক্ষ না হওয়া সত্ত্বেও আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি জানান, সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ওপর ১ হাজার ৪০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। এগুলোর বেশিরভাগ আমিরাতের সশস্ত্র বাহিনী রুখে দিতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, বেসামরিক অবকাঠামো যেমন পানি শোধন কেন্দ্র এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এই উসকানিমূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুর্ভাগ্যবশত, এসব হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত এবং ১১৪ জন সামান্য আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত শুরু থেকেই আলোচনার টেবিলে ফেরার এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। গত ২৬ ফেব্রুয়ারি জেনেভায় ওমানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৃতীয় দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এর দুই দিন পরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম দফায় হামলা শুরু করে, যা পরবর্তীতে পুরোদস্তুর যুদ্ধে রূপ নেয়।

এদিকে, গত শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের সময় প্রতিবেশী দেশগুলোর ওপর চালানো হামলার জন্য ক্ষমা চেয়েছেন। এ প্রসঙ্গে আমিরাতি রাষ্ট্রদূত বলেন, মাঠের বাস্তবতা নিজেই সব কথা বলে, আমার দেশ আক্রান্ত হচ্ছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।

মুশারখ জোর দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত বা উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধের কোনও পক্ষ নয়। তাই যুদ্ধে লিপ্ত নয় এমন তৃতীয় কোনও রাষ্ট্রকে লক্ষ্যবস্তু করার কোনও আইনি ভিত্তি নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *