আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ইউএনওকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

আশুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ইউএনওকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিকেলে ইউএনও আশুগঞ্জ থানায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাইসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, মেঘনা নদীর আশুগঞ্জ ও ভৈরব অংশে পৃথকভাবে দুটি বালু মহাল ইজারা দেওয়া হয়েছে। এ নিয়ে উভয় পক্ষকে সীমানা বুঝিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের কাছাকাছি অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, কোনো সরকারি স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই তথ্যের ভিত্তিতে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে অভিযোগের সত্যতা মেলে।

তিনি আরও বলেন, ভৈরবের ইজারাদার আশুগঞ্জ অংশে টাওয়ারের কাছে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল। এসময় ৫টি ড্রেজার ও ৫টি বাল্কহেড জব্দ করা হয় এবং দুই জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ফেরার পথে ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের ভাই তারেকের নেতৃত্বে ৭-৮ জন স্পিডবোট নিয়ে এসে আমাকে বহনকারী ড্রেজার অপহরণের চেষ্টা চালায়। পরে ড্রেজারের সঙ্গে থাকা স্পিডবোটে উঠে আমি নিরাপদে ফিরে আসি। তারা জব্দকৃত একটি ড্রেজার ও দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতজনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *