আন্তর্জাতিক ডেস্ক:
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা বা ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চালানো এসব হামলার এই পরিসংখ্যান প্রকাশ করেছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দেওয়া তথ্যানুযায়ী, ধ্বংস হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া বেসামরিক ইউনিটগুলোর একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। তালিকা অনুসারে, আবাসিক ভবন ৫ হাজার ৫৩৫টি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ১ হাজার ৪১টি, স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান ৬৫টি, চিকিৎসা কেন্দ্র ১৪টি, রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট কেন্দ্র ১৩টি।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলাগুলোর সময় বেশ কিছু উদ্ধারকারী এবং ত্রাণবাহী যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উদ্ধার অভিযান পরিচালনার সময় তাদের বেশ কয়েকজন কর্মীও আহত হয়েছেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনা ও চিকিৎসা কেন্দ্রে হামলা নিষিদ্ধ হলেও যুদ্ধের শুরু থেকেই এসব স্থাপনা নিয়মিত হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ তেহরানের।
সূত্র: আল জাজিরা

