ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না স্পেন

ইরানে হামলায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না স্পেন

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। এই সামরিক অভিযানকে ‘অন্যায় ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, স্পেনের রোটা ও মোরন ঘাঁটি কোনোভাবেই ইরানের বিরুদ্ধে চলমান এই হামলায় ব্যবহৃত হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘একতরফা সামরিক পদক্ষেপের’ কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের অভিযান একটি ‘শত্রুতাপূর্ণ ও অনিশ্চিত আন্তর্জাতিক ব্যবস্থা’ তৈরি করছে।

সোমবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, আমরা ইরানের জনগণের জন্য গণতন্ত্র ও স্বাধীনতা চাই, কিন্তু তার মানে এই নয় যে আমাদের ঘাঁটিগুলো এই সামরিক অভিযানে ব্যবহার করতে দেব। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাঁটিগুলো কেবল দ্বিপাক্ষিক চুক্তি এবং জাতিসংঘ সনদের কাঠামোর মধ্যেই ব্যবহৃত হবে।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবেলসও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, মার্কিন বাহিনীর সঙ্গে চুক্তি থাকলেও যেকোনও অভিযানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি কাঠামোর বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক সমর্থন থাকা প্রয়োজন।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, গত সপ্তাহান্তে স্পেনের মোরন ও রোটা ঘাঁটি থেকে ১৫টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে, যার মধ্যে অন্তত সাতটি জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে অবতরণ করেছে। তবে এই স্থানান্তরের কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *