জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদসহ আটক শিক্ষার্থী মো. ফজলে আজওয়াদকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
সদ্য বহিষ্কৃত ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
এতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, গত ৪ জানুয়ারিতে রোববার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক প্রায় রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে উক্ত হলের ৭২৩ নম্বর কক্ষের লঙ্কার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ আটক করার ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীকে নিম্নোক্ত শাস্তি প্রদান করা হলো।
আরও বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
