টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস!

টেলিছবিতে উঠে এলো মব জাস্টিস!

পর্দায় সাধারণত উঠে আসে সময়ের বিভিন্ন গল্প। তবে কিছু সময় আছে, যেগুলো রাজনৈতিক বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন সাম্প্রতিক বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ও সামাজিক আলোচ্য বিষয় হয়ে উঠেছে ‘মব জাস্টিস’।

সেটিই এবার উঠে আসছে টেলিছবির গল্পে টিভি পর্দায়। ‘আমারও গল্প আছে’ নামের এই গল্পটি চ্যানেল আই-এর জন্য বানিয়েছেন রানা বর্তমান। সাধারণ মানুষের মধ্যে ‘মব জাস্টিস’ বিষয়ে সচেতনতা বাড়াতেই নাটকটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। টেলিছবির গল্প আবর্তিত হয়েছে এক বাবা ও মেয়ের অসহায়ত্বকে কেন্দ্র করে।

এতে দেখা যাবে, মেয়ের কাছে সেরা মানুষ তার বাবা। কিন্তু বাবা আবার সমাজের চোখে চোর! একসময় মব জাস্টিসের শিকার হয় বাবা। তৈরি হয় এক হৃদয়বিদারক দৃশ্য। এই বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তার মেয়ের চরিত্রে আছেন মুনতাহা এমিলিয়া।

টেলিছবিটি নিয়ে রানা বর্তমান বলেন, ‘টেলিভিশনের পর্দায় কিংবা সংবাদমাধ্যমে প্রায়ই নানা চিত্র দেখা যায়। সেখানে কখনও লাশের ছবি, কখনও কান্নার ছবি, আবার মব জাস্টিস দ্বারা অসহায় পরিবারের চিত্র ফুটে ওঠে। ঘটনাগুলো দেখে যে কারও পক্ষেই নিজেকে ঠিক রাখা কঠিন। আমার বিবেক, চিন্তা আমাকে নতুন করে জাগিয়ে তুললো মানুষকে সচেতন করতে। নির্মাতার জায়গা থেকে মানুষকে সচেতন করার চেষ্টা রয়েছে এই নাটকে।’

অন্যদিকে আজিজুল হাকিম বলেন, ‘এই অমানবিক, আইনবহির্ভূত মব জাস্টিস বন্ধ হওয়া দরকার। এখানে সবাই আইনের সুবিচার পাবে, সেটাই প্রত্যাশা। সমাজের মানুষকে মব জাস্টিস নিয়ে সচেতন হওয়া দরকার। সেই বার্তা আমরা নাটকের মধ্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি।’

টেলিছবিতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, গোলাম রাব্বানী, আবদুল আজিম, তুহিন চৌধুরী, সহিদুল ইসলাম, রিমন সাহা প্রমুখ। নির্মাতা জানান, ‘আমারও গল্প আছে’ প্রচার হবে চলতি বছরের ১৮ জুলাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *