ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণে অত্যাধুনিক ‘মানববিহীন আকাশযান বা ইউএভি’ মোতায়েন করছে বাংলাদেশ বিমানবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর। সারাদেশে মোট তিন হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের জন্য আইএসআর (ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স অ্যান্ড রিকনেসান্স) ভূমিকায় একাধিক ইউএভি বা মানববিহীন আকাশযান (ড্রোন) মোতায়েন করা হয়েছে। এসব ইউএভি আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সে অনুযায়ী মাঠে অবস্থানরত আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে পরিস্থিতি মোকাবিলায় দিকনির্দেশনা দিতে সক্ষম।
মনিটরিং পেলের কর্মকর্তারা জানান, মোতায়েন করা ইউএভিগুলো বাংলাদেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ (স্ট্র্যাটেজিক অ্যাসেট), যা বর্তমানে সক্রিয় রয়েছে। দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিমানবাহিনী। এদিকে নির্বাচন কমিশনের এক নির্দেশনায় বিমানবাহিনীকে আকাশ থেকে ভোটের মাঠের লাইভ ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দফতরে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে শেরপুর-৩ আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, যারা ধানের শীষ প্রতীকে লড়ছেন ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে এবং জাতীয় পার্টি ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নাগরিক পার্টির ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীকে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীকে লড়ছেন।
ভোটার সংখ্যার দিক থেকেও এবারের নির্বাচন বড়। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সর্বনিম্ন ভোটার ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
২৯৯টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবেন প্রায় ৯ লাখ সদস্য। পর্যবেক্ষণে থাকবেন ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক।

