ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে আখাউড়া থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধার করে। এতে ৫ ঘণ্টা পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ জসীম উদ্দিন জনান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ করে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে ডাউন লাইন ট্রেন চলাচলের জন্য স্বাভাবিক হয়।
এর আগে বেলা ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশনে আসার পর ইঞ্জিনের পরের বগিটি লাইনচ্যুত হয়। এতে করে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধারে আখাউড়া জংশনে খবর পাঠানো হয়। দুপুর পৌনে দুইটায় ক্ষতিগ্রস্ত বগিটিকে ডাউন লাইনে রেখে তিতাস কমিটর ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া হয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ডাউন লাইনেগামী ট্রেনগুলোকে পার্শ্ববর্তী লোপ লাইন দিয়ে চলাচল করিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।
