ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে যান চলাচল মারাত্মকভাবে ধীরগতিতে চলছে। একইভাবে সরাইল বিশ্বরোড থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিরাসার, পৈরতলা, পুনিয়াউট, ধরখার, তন্তর বাজার পর্যন্তও একই অবস্থা বিরাজ করছে।
এদিকে ফোর লেন নির্মাণকাজ চলমান থাকলেও তার গতি ধীর। ফলে বিকল্প সড়কগুলোতেও চাপ তৈরি হচ্ছে। এতে প্রতিদিন হাজারো যাত্রী ও চালক পড়ছেন চরম দুর্ভোগে। যানজটের কারণে স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, “বৃষ্টির কারণে সড়কের অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে। ফোর লেন কাজও চলমান থাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আমরা সবসময় যানবাহন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি, যাতে দীর্ঘস্থায়ী যানজট না হয়।”
স্থানীয়রা বলছেন, চলমান ফোর লেন প্রকল্প দ্রুত শেষ না হলে এ দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত সংস্কার ও কাজের গতি বাড়ানোর দাবি জানিয়েছেন।
