দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী 

দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী 

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (২৪ নভেম্বর) সকালে নিজ দেশে ফেরেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকা ছাড়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী টোবগেকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী টোবগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের অন্যান্য উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

ভুটানের প্রধানমন্ত্রী শনিবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লালগালিচা দিয়ে অভ্যর্থনা জানান ড. মুহাম্মদ ইউনূস এবং ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। ঢাকা পৌঁছানোর পর বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে একটি সংক্ষিপ্ত বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় প্রধানমন্ত্রী টোবগে দেশের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেদিতে দাঁড়িয়ে কয়েক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মরণ করেন শেরিং টোবগে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *