নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই কৃষকের

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই কৃষকের

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর
শেরপুরের নকলায় এক কৃষককে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষকের মৃত্যু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছেন পোলাদেশী গ্রামের কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০) ও একই গ্রামের মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৫৫)। একই ঘটনায় ছামিদুল হক (৫০) নামে একজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নকলা কৃষক ছামিদুল হক তার বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে নিজের জমিতে টেনে নেওয়া বৈদ্যুতিক সেচ পাম্পের লাইনের মাঝামাঝি দূরত্বে থাকা খুঁটিতে মই দিয়ে উঠে বৈদ্যুতিক তারের ছেঁড়া অংশে টেপ পেঁচাতে যান। ওইসময় খুঁটি ভেঙে তার ও মইসহ কর্দমাক্ত কৃষিজমিতে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হন ছামিদুল। পরে সেটি দেখে পাশের জমিতে কৃষিকাজ করতে থাকা মিন্টু মিয়া ছামিদুলকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতায়িত হন। ওইসময় মিন্টু ও ছামিদুলকে বাঁচাতে পাশের কৃষি জমিতে কাজ করতে থাকা আঙ্গুর এগিয়ে এলে আঙ্গুর নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছামিদুল হককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মালিহা নুজহাত জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চত করে জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসাথে পরিবারের আবেদনের ভিত্তিতে মৃতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *