রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর
শেরপুরের নকলায় সরকারি সার বাফার গুদামে না নিয়ে অবৈধভাবে ডিলারের গুদামে মজুত করার সময় ৪৯ টন অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার ২২ ফেব্রুয়ারি স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীরা আটক করে প্রশাসনকে খবর দিলে স্থানীয় কৃষি অফিস ও পুলিশ এগুলো জব্দ করে।
পুলিশ ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানা থেকে ট্রাকে ৯৫০টি বস্তায় ৪৯ টন ইউরিয়া সার ঝিনাইগাতী সরকারি সারের বাফার গুদামে যাওয়ার কথা থাকলেও সেটি বাফার গুদামের অসাধু কর্মকর্তার যোগসাজশে নকলা উপজেলার সার ডিলার মেসার্স সৃজন এন্টারপ্রাইজের প্রোপাইটার কৃষ্ণ কান্তি রায় এবং মেসার্স শহিদুল ইসলামের প্রোপাইটার শহিদুল ইসলামের গুদামে মজুত করার সময় স্থানীয় জনতা ও গণমাধ্যমকর্মীদের নজরে আসে। পরে তারা সারসহ গাড়ি আটক করে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা কৃষি কর্মকর্তা সন্ধ্যায় ট্রাকসহ সার আটক করে পুলিশের সাহায্যে থানায় নিয়ে যান।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহিদ খান দুই ডিলারকে শোকজ করেন এবং সরকারি সারের বাফার গুদামের কর্মকর্তাদের ডেকে পাঠান বলে জানান।
এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা আইনগত ব্যবস্থা নেব।

