পঞ্চগড়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়

পঞ্চগড়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়াপাড়া ঈদগাঁহ মাঠে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাওয়াই নদী থেকে বালু উত্তোলনকারী ও বালু ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের নির্ধারিত টোল আদায় করে আসছেন। গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় বালু ও ট্রাক্টর ব্যবসায়ী আনিসুর রহমানসহ কয়েকজন টোল প্রদান না করায় তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

তার দাবি, ওই ঘটনার জের ধরে আনিসুর রহমান আক্রোশমূলক ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। পরদিন (২২ ফেব্রুয়ারি) বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তিনি সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন হন এবং দলের মানহানি ঘটে।

মুসলিম উদ্দিন আরও বলেন, অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টির প্রতিবাদ জানান এবং অভিযোগকারীকে প্রমাণ দিতে বলেন। এ সময় আনিসুর রহমান অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে না পেরে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন।

তিনি বলেন, প্রকৃত পক্ষে এটি চাঁদাবাজির ঘটনা নয়, বরং একটি ভুল বোঝাবুঝি। বিষয়টি পরবর্তীতে ইউনিয়ন পরিষদে বসে সমাধান করা হয়েছে। বর্তমানে আমাদের মধ্যে আর কোনো বিরোধ নেই। আমরা সবাই ভালো আছি।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী আনিসুর রহমানসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। মুসলিম উদ্দিন গণমাধ্যমকর্মীদের প্রতি প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *