পঞ্চগড়ে রেললাইন থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে রেললাইন থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের রেললাইনের পাশ থেকে কসিমউদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কসিমউদ্দীন একই ইউনিয়নের পাছমাহিনা গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের দিকে মাগুড়া ইউনিয়নের নয়নিবুরুজ রেলস্টেশন এলাকার রেলগেট থেকে রক্তাক্ত অবস্থায় কসিম উদ্দীনকে উদ্ধার করা হয়। এরপর তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশাল শিরি বাজার থেকে মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন তিনি। রাতে নয়নিবুরুজ রেলস্টেশন এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা দৌলনচাঁপা এক্সপ্রেস ট্রেন তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে থাকা স্লিপারে ধাক্কা খেয়ে মাথায় গুরুত্বর আহত হন কসিম উদ্দীন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গে কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রা শীষ সান্যাল তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রেল লাইনের উপর পাথরে স্লিপ কেটে মোটরসাইকেলসহ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

মাগুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নবির হোসেন দুর্ঘটনার জন্য অরক্ষিত রেল ক্রসিংকে দায়ী করেন। তিনি বলেন, রেল ক্রসিংটি অরক্ষিত। এখানে গেটম্যান না থাকাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইন্দ্রা শীষ সান্যাল বলেন, স্থানীয়রা ওই বৃদ্ধকে রাতে হাসপাতালে নিয়ে এসেছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ার ফলে কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, রেল লাইনের উপর পাথরে স্লিপ কেটে মোটরসাইকেল সহ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *