পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সভায় রুহুল কবির রিজভী

পিআর পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের সুযোগ নেই: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সভায় রুহুল কবির রিজভী

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “হঠাৎ করে দু-একটি দল পিআর (আনুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। এখানে দলের প্রতীকেই ভোট দিতে হবে।” এতে রাজনৈতিক দলগুলো আরো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

শনিবার (২৩ আগস্ট ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পার মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, “চাঁদাবাজ, দখলবাজ কিংবা গণতন্ত্রকে হত্যা করা ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে তারা, যারা সমাজের গুণীজন, দেশপ্রেমিক এবং গণতন্ত্রে বিশ্বাসী।”

রিজভী বলেন, “৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস করেছে শেখ হাসিনা। সাড়ে আট লক্ষ বছর আগে মানব সমাজে যে হিংস্রতা ছিল, সেই হিংস্রতাই শেখ হাসিনা বাংলাদেশে প্রয়োগ করেছেন। তবে এই রক্তপিপাসু স্বৈরাচারীকে দেশের মানুষ পরাজিত করেছে। এখন সময় এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালি ও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *