প্রথম আলো-ডেইলি স্টারের সম্পাদকসহ প্রায় ২০ জনকে গানম্যান দিলো সরকার 

প্রথম আলো-ডেইলি স্টারের সম্পাদকসহ প্রায় ২০ জনকে গানম্যান দিলো সরকার 

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা জুলাই আন্দোলনের সম্মুখ সারির ২০ জন নেতা ও বিশিষ্ট ব্যক্তির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারিভাবে দেওয়া হয়েছে ‘গানম্যান’। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকদের জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের অনেককেই নিরাপত্তার আওতায় আনা হয়েছে। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি। রাজনৈতিক ব্যক্তিত্বসহ যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, যেসব রাজনৈতিক ও নাগরিক নেতাকে গানম্যান দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় অপরাধীদের গুলিবর্ষণে মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাকে ঢাকায় চিকিৎসা দেয়া হলেও পরবর্তী সময়ে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদের পর পর একদল মানুষ প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর সম্পাদকসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *