ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ জগন্নাথপুর বাজার অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জোনায়েদ আব্দুর রহিম (সাকি)।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের এ প্রকল্পের আওতায় বাঞ্ছারামপুর উপজেলায় মোট ৮৬ জন উপকারভোগীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয় । এই কার্ডের মাধ্যমে পরিবারের নারীরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্ধারিত হারে আর্থিক সহায়তা পাবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে সরকারের। উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কার্ড বিতরণের মাধ্যমে উপকারভোগীরা মধ্যস্বত্বভোগীর ঝামেলা ছাড়াই সরাসরি সরকারি সহায়তা পাবেন।

