বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান

বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়া স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ.কে. একরামুজ্জামানের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বহিষ্কারাদেশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেন।

সৈয়দ এ.কে. একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো। সেই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।

আরএকে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরামুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে স্বতন্ত্রপ্রার্থী ছিলেন। তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে ও তারেক রহমানের নির্দেশনায় তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষনা করেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এস.এ.কে. একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁর বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এ.কে. একরামুজ্জামান প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগেই এদিন দুপুরে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *