ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সহায়তায় লাইনচ্যুত বগি তুলে নিলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকাল ৩টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে চট্টগ্রাম ও সিলেটমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
রেলওয়ের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার অশোক চন্দ্র দাস জানান, “চাকা লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধারকারী ট্রেন ডেকেছি। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ করেছে। পাঁচ ঘণ্টার চেষ্টায় ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
