ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইল যুব সমাজের আয়োজনে তিতাস নদীতে এক আনন্দঘন নৌকা ভ্রমণের আয়োজন করা হয়। শনিবার সকালে শহরের কাউতলী এলাকা থেকে নৌকাভ্রমণের যাত্রা শুরু হয়।
ভ্রমণে অংশগ্রহণ করেন এলাকার যুবসমাজ, জহিরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং এলাকার জুনিয়ররা। তাদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দঘন। নৌকার বুকে গান, আড্ডা, গল্পগুজব ও হাসি-আনন্দে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে। চারপাশে নদীর মনোরম দৃশ্য আর শীতল বাতাস ভ্রমণকারীদের মুগ্ধ করে তোলে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এমন একটি আয়োজনের পরিকল্পনা ছিল। এলাকার তরুণদের একত্রিত করা, সামাজিক বন্ধনকে শক্তিশালী করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ তৈরি করাই ছিল এই ভ্রমণের মূল উদ্দেশ্য।
ভ্রমণে অংশগ্রহণকারীরা জানান, নদীর বুক জুড়ে এমন আয়োজন তাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা বলেন, শহরের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির কাছে কাটানো সময় মানসিক প্রশান্তি এনে দিয়েছে।
স্থানীয় প্রবীণরাও মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু বিনোদনের উৎসই নয়, বরং প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও সহায়তা করে। নিয়মিত এ ধরনের ভ্রমণ আয়োজন করলে সমাজে একতা ও সম্প্রীতি আরও দৃঢ় হবে।
দিনভর চলা এই নৌকাভ্রমণ শেষে সবাই প্রাণবন্ত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরেন।
