ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে মহাষ্টমীর পূণ্যস্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নদীর পানিতে তলিয়ে গেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। নিখোঁজ অপর্ণা শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে। সে খ্রীস্টীয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
শিশুটির পরিবার জানায়, আজ বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমীল পূণ্যস্নান। এ উপলক্ষ্যে তাদের পরিবারের সদস্যরা শহরতলীর গোকর্ণঘাট তিতাস নদীতে পূণ্যস্নানে যায়। নদীতে নেমে স্নান করার সময় অপর্ণা মূহুর্তেই পানির নীচে তলিয়ে যায়। এ সময় তার মা নমিতা সূত্রধর চেষ্টা করেও তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়েও শিশুটির সন্ধান করতে পারেনি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদ বলেন, ফায়র সার্ভিস ও ভৈরব থেকে আসা ডুবুরি দল দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল শুক্রবার সকাল থেকে ফের উদ্ধারকাজ চালানো হবে।

