ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ১১ দলীয় জোট সমর্থিত (এনসিপি) প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহাদী।
বুধবার বিকেলে আশুগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কার কথা জানান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে একটি পক্ষ পুরাতন কায়দায় পরিকল্পিতভাবে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বাইরের লোকজন এনে জাল ভোট দেওয়া এবং কালোটাকার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ড অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
মাওলানা মাহাদী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা কামনা করেন।
তিনি বলেন, জনগণ আর পুরাতন অপ-রাজনীতির পুনরাবৃত্তি চায় না। তারা নতুন বন্দোবস্ত চায়। আমার নির্বাচনী প্রচারণাকালে নবীন, প্রবীনসহ জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি’র আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, সরাইল উপজেলা প্রধান সমন্বয়কারী মোবারক হোসেন, আশুগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়ক আনিসুল ইসলাম দিপু এবং সরাইল উপজেলা যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক।
উল্লেখ্য, এ আসনে প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি’র বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সহ ৯জন প্রার্থী।

