ওয়ান নিউজ ডেস্ক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলাকালীন কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে এ চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেছেন যুগ্মসচিব ও পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাসিক সমন্বয় সভায় পরীক্ষা চলাকালে কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষা অফিসারদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালীন পরীক্ষা গ্রহণ না করে বেশ কিছু সংখ্যক শিক্ষক কর্মবিরতি বা আন্দোলনে ছিলেন। কর্মবিরতি-আন্দোলনে যুক্ত থাকা শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

