সন্ত্রাসীকে দেখা মাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

সন্ত্রাসীকে দেখা মাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখা মাত্রই ব্রাশফায়ার করে হত্যার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিএমপির থানা-ফাঁড়িতে দায়িত্বরতসহ সব পুলিশ সদস্যদের বেতার বার্তায় মৌখিকভাবে এ নির্দেশনা দিয়েছেন তিনি।

বার্তায় তিনি বলেন, আমার এ নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সিএমপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, মঙ্গলবার দুপুরে কমিশনার ওয়্যারলেস সেটের মাধ্যমে টহল ও থানা পুলিশকে একাধিকবার নির্দেশ দেন, ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’

একই সঙ্গে পুলিশের উদ্দেশে তিনি টহল ও অভিযানে শিশা শটগান, দুইটি গ্যাস গান এবং নাইন এমএম পিস্তল বহন করার নির্দেশ দেন। এ ছাড়া স্থায়ী চেকপোস্ট সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশ দিয়েছেন কমিশনার।

জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, বার্তাটি ওয়্যারলেস সেটে আমার সদস্যদের উদ্দেশে দেওয়া গোপন বার্তা। হয়ত আমাদের কোনো সদস্য এটা ফাঁস করে দিয়েছেন। যিনি এ কাজ করেছেন, তিনি অবশ্যই আইন অমান্য করেছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

নির্দেশনার কথা স্বীকার করে তিনি বলেন, হ্যাঁ, আমি আমার সদস্যদের এ ধরনের একটা নির্দেশনা দিয়েছি। আপনারা জানেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরে বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। ফলে অনেক অস্ত্র বাইরে চলে গেছে। এসব অস্ত্র যে সন্ত্রাসীদের কাছে যায়নি, কিংবা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে না, সেটা আমরা নিশ্চিত নয়। কিছুদিন আগে নির্বাচনি গণসংযোগে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে যে অটোমেটিক পিস্তল ব্যবহার হয়েছে, সেটাও পুলিশের অস্ত্র হতে পারে। আমরা যদি অস্ত্রটা উদ্ধার করতে পারতাম, তাহলে বোঝা যেত সেটা আমাদের কী না।

এর আগে, গত ৫ নভেম্বর সন্ধ্যায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় বিএনপি নেতা এরশাদ উল্লাহর গণসংযোগে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় তার সঙ্গে প্রচারণায় থাকা শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পুলিশের দাবি ছিল, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে তার বাহিনীর একসময়ের সদস্য সরোয়ারকে খুন করা হয়েছে। এ ঘটনার দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরপর মঙ্গলবার চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত সব পুলিশ সদস্যদের জন্য সিএমপি কমিশনার হাসিব আজিজের সরাসরি গুলি করে হত্যার বার্তা এলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *