ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়াকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যরা।
দায়িত্বশীল সামরিক সূত্র জানায়, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলার প্রস্তুতিও প্রদর্শন করা হয় মহড়ায়। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সম্ভাব্য সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা মোকাবেলার কৌশল উপস্থাপন করা হয়। এতে বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয়, দ্রুত মোতায়েন সক্ষমতা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের অনুশীলন দেখানো হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারাও মহড়াটি পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের সমন্বিত মহড়া নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

