আখাউড়া উপজেলার আজমপুর আমোদাবা দাসপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে শ্রী শ্রী গীতা জয়ন্তী উপলক্ষে চলছে বাৎসরিক ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রাহ্ম নামযজ্ঞ মহোৎসব। ধর্মীয় এই মহোৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভক্তদের ঢল নেমে আসে।
শনিবার রাতে আয়োজিত বিশেষ গীতা প্রার্থনায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। ভক্তরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় গীতা পাঠে অংশ নেন।
এ অনুষ্ঠানে শনিবার রাতে পরিদর্শনে আসেন জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া (৪) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী কবির আহমেদ ভূইয়া। তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির এই মহোৎসবকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
নামযজ্ঞ মহোৎসবকে ঘিরে পুরো এলাকাজুড়ে আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, আর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে উঠেছে।
