ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ২৫ বিজিবির সহকারী পরিচালক মোঃ নুরুল হুদা, সানাউল হক কলেজের প্রিন্সিপাল মোঃ আহসান আহমেদ চাউরা কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজগর আলী।
শীতবস্ত্র বিতরণকালে বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জব্বার আহমেদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সজাগ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
