ইনকিলাব মঞ্চে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। শুক্রবার রাতে শহরের মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিয়ুর রহমান তানভীর, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান উবায়দুল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হিজবুল্লা হেলালি, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শীব্বির আহমেদ ভূইয়া, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, গত দেড় বছরে উপদেষ্টা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা বলেন, যদি খুনিরা রাষ্ট্রের উপদেষ্টাদের চেয়েও শক্তিশালী হয়ে থাকে, তাহলে এমন উপদেষ্টা পরিষদের কোনো প্রয়োজন নেই। অবিলম্বে এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নির্বাচিত সরকারের অধীনে নতুন করে উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ যাদের ওপর পুলিশের নৃশংস হামলা চালানো হয়েছে, সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা হলে ব্রাহ্মণবাড়িয়া থেকেই কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তারা জুলাই যোদ্ধা ওসমান হাদীর হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচার চাওয়াই এখন সব থেকে বড় অপরাধ।

তারা অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে আবদুল্লাহ আল জাবেরকে হত্যার চেষ্টা চালিয়েছিল, তবে জনগণের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বক্তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের হামলার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *