নিজস্ব প্রতিবেদক:
পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহের জেরে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গোলাম কবির দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন।
দন্ডিত রেজাউল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ফেলে রাখে। নিহত জাহানারার মা বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
হত্যাকান্ডের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইলেও ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার ময়না তদন্তের প্রতিবেদনের পর পুলিশের জালে ধরা পড়ে রেজাউল ইসলাম। পুলিশ রেজাউলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজাউল স্বীকার করে যে, স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা করা হয়েছে।
গাংনী থানার এসআই মাহতাব উদ্দিন মামলা তদন্ত করে আদালতে প্রতিবেদন (চার্জশিট) প্রেরণ করেন। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দণ্ডাদেশ ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজা প্রাপ্ত রেজাউল ইসলাম। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেছেন

