ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের চেতনায় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক বন্ধনকে আরও দৃঢ় করতে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধু, সহপাঠী ও সহকর্মীদের নিয়ে আন্তরিক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ভিপি তাজুল)। প্রতিবারের ধারাবাহিকতায় এবারও তাঁর এ উদ্যোগ পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রায় ছয় শতাধিক সহপাঠী, শৈশব-কৈশোরের বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরনো দিনের স্মৃতি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে মিলিত হয়ে উপস্থিত সবাই রমজানের পবিত্রতা ভাগাভাগি করেন একসঙ্গে ইফতারের মাধ্যমে।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। মাহফিলে দোয়া পরিচালনা করেন শিমরাইলকান্দি জামে মসজিদের ইমাম মুফতি হুসাইন আহমেদ।
তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর পুত্র আরাফাত রহমান কোকো, দেশনেত্রী খালেদা জিয়াসহ দলটির সকল প্রয়াত নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারেক রহমান-এর সুস্থতা, নেতৃত্বের সফলতা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।ইফতার মাহফিল শেষে অংশগ্রহণকারীরা ভিপি তাজুলের এ উদ্যোগকে প্রতি বছরের মতোই হৃদয়ছোঁয়া ও ঐক্যের বার্তাবাহী আয়োজন হিসেবে উল্লেখ করেন। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বন্ধু-সহকর্মীদের নিয়ে এমন মানবিক ও ধর্মীয় বন্ধনের আয়োজন অব্যাহত থাকবে যাতে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও জাতীয় কল্যাণের চেতনা সমাজজুড়ে ছড়িয়ে পড়ে।

