আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় আহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। দেশটির জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) এই তথ্য নিশ্চিত করেছে। এমডিএ জানায়, আহতদের মধ্যে ৪০ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তিনি বিস্ফোরণে সরাসরি আঘাত পেয়েছেন। এ ছাড়া বাকি ১১ জন বিস্ফোরণ ও কাঁচের টুকরোর আঘাতে আহত হয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল।
ইসরায়েলি পুলিশ কর্মকর্তাদের দাবি, ইরান এবার ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্রের ভেতরে থাকা ছোট ছোট বোমা ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। তেল আবিব জেলা কমান্ডার হাইম সারগারফ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, দেশের মধ্যাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

