একেএম বজলুর রহমান, পঞ্চগড় :
স্বীকৃতিপ্রাপ্ত সচল অবস্থায় থাকা সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্তির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা।
রোববার (৮ মার্চ) দুপুরে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সদস্যরা পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের হাতে স্মারকলিপি দুটি তুলে দেন।
স্মালকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ বলেন, সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর যথাযথ কর্তৃপক্ষ হিসেবে আমাদের কাছে দুইটি স্মারকলিপি দিয়েছেন। যথাযথ কর্তৃপক্ষ হিসেবে আমরা স্মারকলিপি দুটি বিবেচনায় নিব।
এদিকে সংগঠনের নেতারা জানান, জেলার নন এমপিও শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ২০-২৫ বছর ধরে বেতনবিহীন অবস্থায় দায়িত্ব পালন করছেন। অসম নীতিমালা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি, ফলে শিক্ষক-কর্মচারীদের মানবিক সংকট তৈরি হয়েছে। তাই পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষকরা এই স্মালকলিপি প্রদান করে বলে জানা গেছে।
রোববার দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এর আগে এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট একাধিকবার স্মারকলিপি দেওয়া হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করেন নন এমপিও শিক্ষক-কর্মচারীরা। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের পর তিন মাসের মধ্যে এমপিওভুক্তির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি করেন তারা।
সংগঠনটির নেতারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় গত ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। এতে ৩৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে এবং প্রাথমিক ভাবে ১৭১৯টি প্রতিষ্ঠানকে যোগ্য হিসেবে নির্বাচন করা হয়েছে।
স্মারকলিপিতে দুটি দাবি তুলে ধরা হয়। প্রথমত, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সফটওয়্যারে আবেদন করা ৩৬১৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে। প্রয়োজনে মেধাক্রম অনুযায়ী ১ থেকে ৩টি ধাপে এমপিওভুক্তির ব্যবস্থা করা যেতে পারে। দ্বিতীয়ত, কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য চলমান সফটওয়্যার দ্রুত সম্পন্ন করে আবেদন গ্রহণ এবং যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিতে হবে।
এসময় স্মারকলিপি প্রদানে আসা নেতারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে বেতনবিহীন অবস্থায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত এমপিওভুক্তির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেন।
এসময় সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বক্কর মো. এরশাদুল হক, পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক কফিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জসিম উদ্দীন খান সহ কমিটির সদস্য ও জেলা উপজেলার শিক্ষকরা।

