হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলার অভিযোগ, ইরানি রাষ্ট্রদূতকে তলব দিল্লির

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলার অভিযোগ, ইরানি রাষ্ট্রদূতকে তলব দিল্লির

ডিজিটাল ডেস্ক
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের অভিযোগের জেরে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। শনিবার (১৮ এপ্রিল) প্রণালিটি অতিক্রমের সময় একটি ইরানি গানবোট থেকে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।

ঘটনার আগে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করেন, যেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যায়। এর পরপরই নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে গভীর উদ্বেগ জানায় ভারত এবং এ ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ করে।

ভারত সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ভারতগামী ও ভারত থেকে ছেড়ে যাওয়া সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছে দিল্লি।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনার দ্রুত ও স্বচ্ছ ব্যাখ্যা চেয়েছে ভারত। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ রাখা হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করেনি।

আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, এই পরিস্থিতিতে প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে বিবেচনা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এই কঠোর অবস্থানের কারণেই ভারতীয় জাহাজগুলো হামলার মুখে পড়েছে।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই সময় সাময়িকভাবে হরমুজ প্রণালি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং বেশ কয়েকটি জাহাজ নিরাপদে ওই পথ অতিক্রম করে।

তবে নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই জলপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক মহলের সঙ্গে সমন্বয় রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত।
সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *