হরমুজ ঘিরে মার্কিন সামরিক তৎপরতা, পাল্টা কঠোর অবস্থানে ইরান

হরমুজ ঘিরে মার্কিন সামরিক তৎপরতা, পাল্টা কঠোর অবস্থানে ইরান

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে চাপে রাখতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একাধিক যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও হাজারো সেনা সদস্য নিয়ে এ অঞ্চলে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ এবং প্রায় ১০ হাজার সামরিক কর্মী অংশ নিচ্ছে। ইতোমধ্যে সন্দেহভাজন বেশ কিছু জাহাজের গতিপথ পরিবর্তন করানো হয়েছে এবং তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের সামুদ্রিক বাণিজ্যে চাপ সৃষ্টি করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। একই ধরনের কৌশল অতীতে ভেনেজুয়েলার ক্ষেত্রেও প্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, এ পরিস্থিতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এমনকি আগের বিশেষ করিডোর ব্যবস্থাও বাতিল করা হয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *