নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সিরিজে টিকে থাকতে আগামী ম্যাচে দলে ফিরতে পারেন দলের অন্যতম ভরসা পেসার মোস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচের আগে হঠাৎ চোটে পড়ায় একাদশ থেকে ছিটকে যান মোস্তাফিজ। ওয়ার্মআপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় শেষ মুহূর্তে তাকে বিশ্রাম দেওয়া হয়।
রোববার সংবাদ সম্মেলনে পেসার শরিফুল ইসলাম জানান, মোস্তাফিজ এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তার ভাষায়, ‘তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।’
এ অবস্থায় সোমবার অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচে বাঁহাতি এই পেসারের দলে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথম ম্যাচ শুরুর ঠিক আগে ইনজুরির কারণে তাকে বাদ দিয়ে শরিফুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

