ডেস্ক রিপোর্ট:
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে আটকে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) থেকে অনুমতি না পাওয়ায় জাহাজটি এখনো প্রণালী অতিক্রম করতে পারেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি সমাধানে বাংলাদেশ কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তুরস্কে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটি নিরাপদে পারাপারের বিষয়ে সহায়তা চেয়েছেন।
জানা যায়, প্রায় ৩৭ হাজার টন সার বহনকারী জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের কাছে অবস্থান করছে। এটি বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন হলেও একটি বিদেশি প্রতিষ্ঠান ভাড়ায় পরিচালনা করছে। জাহাজটিতে কর্মরত নাবিকরা সবাই বাংলাদেশি।
এর আগে একাধিকবার চেষ্টা করেও ইরানি কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করতে পারেনি। এমনকি প্রণালীর কাছাকাছি পৌঁছানোর পরও ইরানের নৌবাহিনী তাদের ফিরে যেতে নির্দেশ দেয়।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত এবং ইরান-সংক্রান্ত কিছু আন্তর্জাতিক অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের দেওয়া বিবৃতি তেহরানের অসন্তোষের কারণ হতে পারে। এর প্রভাবেই জাহাজটির অনুমতি আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে ইরান হরমুজ প্রণালীতে কড়াকড়ি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের জাহাজ চলাচলেও প্রভাব পড়ছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

