নিজস্ব প্রতিবেদক:
দেশের বন্ধ হয়ে থাকা ছয়টি সরকারি পাটকল আগামী ছয় মাসের মধ্যে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এসব পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এর আগে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাটকল চালু ও ইজারা বিষয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী বলেন, ধাপে ধাপে অন্যান্য বন্ধ পাটকলগুলোও চালু করা বা বেসরকারি খাতে ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে শিল্প খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে এবং রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে।
সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

