স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নে লাগতে পারে প্রায় এক বছর: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নে লাগতে পারে প্রায় এক বছর: মির্জা ফখরুল

ওয়ান নিউজ ডেস্ক:

দেশজুড়ে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। অতীত অভিজ্ঞতা অনুযায়ী, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।

মন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ ও বিতরণ, ভোটকেন্দ্র নির্ধারণ ও সংস্কার, এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ।

এছাড়া আবহাওয়া পরিস্থিতি, ধর্মীয় উৎসব ও পাবলিক পরীক্ষার সময়সূচিও নির্বাচন আয়োজনের সময় বিবেচনায় নিতে হয় বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, তফসিল ঘোষণার আগেই প্রাথমিক প্রস্তুতির জন্য অন্তত ৪৫ দিন সময় প্রয়োজন হয়।

তিনি বলেন, সবকিছু সমন্বয় করেই ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হয়, যার ফলে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রায় এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *