চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ভরত কাপুর

চলে গেলেন বলিউডের প্রবীণ অভিনেতা ভরত কাপুর

বিনোদন ডেস্ক:
বলিউডের একসময়ের পরিচিত ও শক্তিশালী পার্শ্বচরিত্র অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে মুম্বাইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘ অভিনয় জীবনে ভিলেনের সহযোগী কিংবা গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন ভরত কাপুর। সংলাপ উপস্থাপনা ও সংযত অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। বড় পর্দার পাশাপাশি মঞ্চ নাটকেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন সহঅভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু অবতার গিল। তিনি জানান, দীর্ঘ প্রায় পাঁচ দশকের বন্ধুত্ব ছিল তাদের এবং সাম্প্রতিক সময় ধরে ভরত অসুস্থ ছিলেন।

সত্তরের দশকে চলচ্চিত্রে পা রাখা ভরত কাপুর ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’, ‘আখরি রাস্তা’, ‘সত্যমেব জয়তে’, ‘স্বর্গ’, ‘খুদা গাওয়া’ ও ‘রঙ’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে ‘বরসাত’, ‘সাজান চলে সসুরাল’ এবং ‘মীনাক্ষী: এ টেল অফ থ্রি সিটিজ’-এর মতো ছবিতেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ক্যাম্পাস’, ‘আমানত’, ‘তারা’সহ একাধিক ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন।

ব্যক্তিগত জীবনে স্ত্রী লোপা এবং দুই ছেলে রেখে গেছেন তিনি। এর আগে তার একমাত্র কন্যা কবিতা মৃত্যুবরণ করেন। ভরত কাপুরের প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার অভিনয় ও কাজের মাধ্যমেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন দীর্ঘদিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *