ওয়ান নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টির পর সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় ভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, পরিস্থিতির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে প্রবর্তক মোড় এলাকায় সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘণ্টার টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে চলে যায়। জলাবদ্ধতার শিকার হয় পূর্বের ঝুঁকিপূর্ণ এলাকার পাশাপাশি নতুন কিছু এলাকাও। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।
মেয়র জানান, চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয়েছে। বিশেষ করে খাল সংস্কার ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় পানি জমে যায়। তবে ধীরে ধীরে এসব বাঁধ অপসারণ করা হচ্ছে এবং পানি নামতে শুরু করেছে।
তিনি বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে একাধিক সংস্থা একযোগে কাজ করছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট ইউনিট দীর্ঘদিন ধরে খাল পুনঃখনন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মেয়র আরও জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করা হয়েছে। প্রায় ১৬০০ কিলোমিটার ড্রেন পরিষ্কারের কাজ হাতে নেওয়া হয়েছে, যা দ্রুত সম্পন্ন করা হবে। তার আশা, এ উদ্যোগের ফলে আগের তুলনায় জলাবদ্ধতা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে।
তিনি নগরবাসীকে আশ্বস্ত করে বলেন, হঠাৎ ভারী বৃষ্টির কারণে সাময়িক সমস্যা তৈরি হলেও দীর্ঘমেয়াদে এর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হলে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে।

