ওয়ান নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত নাদিমুর রহমান এরই মধ্যে দলটির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি এনসিপির প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থনও জানিয়েছিলেন।
রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা সত্ত্বেও ড. নাদিমুর রহমান নিজেকে ভিন্নধারার চিন্তাভাবনার অনুসারী হিসেবে তুলে ধরেছেন। অতীতে জামায়াতের নীতিমালা নিয়ে ভিন্নমত প্রকাশ এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়ে তিনি আলোচনায় আসেন।
এনসিপির পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নাদিমুর রহমান নিজ থেকেই দলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তাকে স্বাগত জানানো হয়েছে।
দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, শুধু নাদিমুর রহমানই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন মুখ এনসিপিতে যুক্ত হচ্ছেন, যা দলটির সম্প্রসারণের ইঙ্গিত বহন করে।
এদিকে ড. নাদিমুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তরুণদের শক্তি ও সম্ভাবনার কারণে এনসিপির প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে। তিনি বলেন, “দলের নানা উদ্যোগ আমাকে আকৃষ্ট করেছে। আমি বর্তমানে দেশের বাইরে থাকলেও তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।”
তিনি আরও জানান, শিগগিরই দেশে এসে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

