ওয়ান নিউজ ডেস্ক:
বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে এসেছে নতুন করে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারি থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি সরবরাহ করা হয়, যা দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চালানটি ডিপোতে পৌঁছায়। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং কার্যক্রম শুরু হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই কোনো জটিলতা ছাড়াই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পার্বতীপুর ডিপোর ইনচার্জ আহসান হাবিব চৌধুরী জানান, পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে। চলতি এপ্রিল মাসে এটি চতুর্থ চালান, যার মাধ্যমে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এর আগে গত মাসে একই পাইপলাইন দিয়ে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করছে। এতে পরিবহন খরচ কমার পাশাপাশি দ্রুত সরবরাহ নিশ্চিত হচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

