ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে দলটি আগামী ৫ থেকে ৭ মে বাংলাদেশ সফর করবে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই জানান, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি কার্যকর পারস্পরিক বাণিজ্য কাঠামো গড়ে তুলতে আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের বাজারে প্রবেশ সহজ হবে, বিনিয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা কমবে এবং নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: ঢাকাস্থ মার্কিন দূতাবাস

