ওয়ান নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে ‘মব’ করতেও তারা প্রস্তুত। শুক্রবার (৮ মে) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সর্বমিত্র চাকমা তার পোস্টে দাবি করেন, ডাকসুকে অকার্যকর করতে প্রশাসনের একটি অংশ পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, ডাকসুর সদস্যরা কোনো ধরনের বেতন ছাড়াই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করছেন, কিন্তু এক অফিস থেকে আরেক অফিসে ঘুরেও অনেক কাজ আটকে রাখা হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় সামনে এনে তারা আন্দোলনে নেমেছেন। তার ভাষ্য অনুযায়ী, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দাবি আদায় সম্ভব না হওয়ায় আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তারা।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের আন্দোলনকে ‘মব’ হিসেবে উল্লেখ করেছেন। এর জবাবে তিনি বলেন, যদি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এমন আন্দোলনের প্রয়োজন হয়, তাহলে তারা সেই পথেও যেতে প্রস্তুত।
সর্বমিত্র চাকমা আরও অভিযোগ করেন, শুধু আদর্শিক বিরোধের কারণে ডাকসুর কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে, যার প্রভাব পড়ছে বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর ওপর।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী মহল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

