ওয়ান নিউজ ডেস্ক:
মাসব্যাপী যুদ্ধবিরতির পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন এই উত্তেজনা শুরু হয়েছে এমন সময়, যখন ইরানের কাছে পাঠানো একটি শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। যদিও ওই প্রস্তাবে যুদ্ধ বন্ধের বিষয় উল্লেখ রয়েছে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো এখনো অমীমাংসিত রয়েছে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ করা দুটি জাহাজে হামলা চালানোর পাশাপাশি ইরানের ভূখণ্ডেও আঘাত হেনেছে। এছাড়া কেশম দ্বীপ ও উপকূলীয় কয়েকটি এলাকায় বিমান হামলার অভিযোগও করেছে তেহরান।
এর জবাবে ইরান প্রণালির পূর্বাংশ ও চাবাহার বন্দরের কাছে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, তাদের হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মার্কিন কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হেনেছে।
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যুদ্ধবিরতি এখনো বহাল আছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ইরান বড় ক্ষতির মুখে পড়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কয়েক ঘণ্টার উত্তেজনার পর হরমুজ প্রণালিসংলগ্ন এলাকা ও উপকূলীয় শহরগুলোর পরিস্থিতি আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

