ওয়ান নিউজ ডেস্ক:
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৫৫ সদস্যের এই দলে বড় চমক হয়ে এসেছে পাউলো দিবালার অনুপস্থিতি। কাতার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ এই ফরোয়ার্ডকে এবার প্রাথমিক তালিকাতেই রাখা হয়নি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘোষিত এই স্কোয়াড থেকে পরবর্তীতে বাছাই করা হবে চূড়ান্ত ২৬ সদস্যের দল, যারা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্ব আসরে অংশ নেবে।
দিবালার বাদ পড়া নিয়ে ইতোমধ্যে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ গোল করে দলের শিরোপা জয়ে অবদান রেখেছিলেন এই তারকা ফুটবলার।
এদিকে প্রাথমিক স্কোয়াডে কয়েকজন নতুন মুখ জায়গা করে নিয়েছেন। গোলরক্ষক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন রিভার প্লেটের তরুণ ফুটবলার সান্তিয়াগো বেলট্রান। এছাড়া বোকা জুনিয়র্সের লাউতারো দিললো ও স্প্যানিশ ক্লাব হেতাফের ডিফেন্ডার জাইদ রোমেরোও ডাক পেয়েছেন।
বিশ্বকাপ সামনে রেখে নতুন ও তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মাধ্যমে দল সাজানোর ইঙ্গিত দিচ্ছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা জায়গা পান বিশ্বমঞ্চের চূড়ান্ত স্কোয়াডে।

