ওয়ান নিউজ ডেস্ক:
কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন পশুর খামারে এবারও নজর কাড়ছে ভিন্নধর্মী নামের গরু ও মহিষ। এরই মধ্যে নারায়ণগঞ্জের একটি খামারের বিশালাকৃতির এক মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মজার বিষয় হলো, মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত একটি খামারে থাকা এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজির বেশি বলে জানিয়েছেন খামার মালিক জিয়াউদ্দিন মৃধা। তিনি জানান, মহিষটি এলভিনো জাতের হওয়ায় এর শরীরে গোলাপি আভাযুক্ত সাদা রং দেখা যায়। পাশাপাশি সামনের চুলের অদ্ভুত স্টাইলের কারণে মজার ছলে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
খামার সূত্রে জানা গেছে, নামটি ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ মহিষটি দেখতে আসছেন। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ কিনতেও আগ্রহ প্রকাশ করছেন। ইতোমধ্যে একজন ক্রেতা মহিষটি বুকিংও দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খামারের কর্মীরা জানান, বিশেষ পরিচর্যায় বড় করা হয়েছে মহিষটিকে। নিয়মিত ঘাস, ভুট্টা, ভুসি ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়।
স্থানীয়দের ভাষ্য, কোরবানির পশুর নাম নিয়ে মানুষের আগ্রহ প্রতিবছরই বাড়ছে। বড় আকারের পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামও ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করে। এর আগে বিভিন্ন খামারে ‘বাহুবলী’, ‘রাজা’, ‘সুলতান’সহ নানা আলোচিত নামের পশুও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

