নিয়োগ কেলেঙ্কারির তদন্তে ইডির জালে তৃণমূলের সুজিত বসু

নিয়োগ কেলেঙ্কারির তদন্তে ইডির জালে তৃণমূলের সুজিত বসু

ওয়ান নিউজ ডেস্ক:

পশ্চিমবঙ্গের পৌর নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যের সাবেক দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার সকাল থেকে কলকাতার সল্টলেকে অবস্থিত ইডির সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় পুরো দিন ধরে চলে জেরা। পরে রাতে তদন্তকারী সংস্থা তাকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত জানায়।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ দমদম পৌরসভায় চাকরি নিয়োগে অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ ঘিরেই মূলত তদন্ত চলছে। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে বহু প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এর বিপরীতে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়।

ইডি সূত্রের দাবি, তদন্তে কয়েকটি সন্দেহজনক ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের সঙ্গে নিয়োগ কেলেঙ্কারির যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও সুজিত বসুর বাড়ি, রাজনৈতিক কার্যালয় এবং পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছিল। তদন্তের অংশ হিসেবে পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছিলেন এই তৃণমূল নেতা। তার দাবি ছিল, আগের তদন্ত প্রতিবেদনে তার নাম উল্লেখ করা হয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে হয়রানি করা হচ্ছে।

বিধানসভা নির্বাচন ঘিরে ব্যস্ততার কথা বলে কয়েকবার তলব এড়িয়ে গেলেও শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তদন্তে অংশ নেন তিনি। এরপরই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় ইডি।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছে। তদন্তকারী সংস্থা তার রিমান্ড চাইতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *